| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোরস্থানের জমি নিয়ে বিরোধে সংঘর্ষে কলেজছাত্র নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১১:৩৯:৫১:পূর্বাহ্ন  |  ১১২১২৮০ বার পঠিত
গোরস্থানের জমি নিয়ে বিরোধে সংঘর্ষে  কলেজছাত্র নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে গোরস্থানের এক টুকরো জমি, যেখানে মানুষ শেষ আশ্রয় খুঁজে নেয়—সেই জায়গা নিয়েই প্রাণ গেল এক কলেজছাত্রের। দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন নাইম সওদাগর (১৮) নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় দুই পরিবারের অন্তত সাতজন আহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নাইম সওদাগর ওই গ্রামের ওসমান সওদাগরের ছেলে এবং হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পরিবারের স্বপ্ন ছিল ছেলে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—গোরস্থানের জমি নিয়ে বিরোধই শেষ পর্যন্ত তাকে পৌঁছে দিল সেই গোরস্থানেই।

স্থানীয়রা জানান, রামদেবপুর দক্ষিণপাড়া গোরস্থানের জমি নিয়ে সওদাগর ও সিকদার পরিবারের মধ্যে প্রায় আড়াই মাস ধরে উত্তেজনা চলছিল। এর আগে একাধিকবার ঝগড়া, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে কয়েক দফা সমাধানের চেষ্টা হলেও কোনো পক্ষই ছাড় দিতে রাজি হয়নি। বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে, ঈদুল ফিতরের নামাজও দুই পক্ষ আলাদাভাবে আদায় করতে হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির পর পরিস্থিতি সাময়িক শান্ত হলেও ভেতরে ভেতরে ক্ষোভ জমতে থাকে। সেই ক্ষোভই বুধবার সকালে রূপ নেয় নতুন করে সংঘর্ষে।

সকালবেলায় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর একপর্যায়ে নাইম সওদাগর দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে সিকদার পরিবারের পক্ষের হামিদ মণ্ডলের বাড়িতে হামলা চালায় বলে স্থানীয়রা জানান। এ সময় সিকদার পরিবারের লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। লাঠি, রড ও দেশীয় অস্ত্রের আঘাতে মুহূর্তেই পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষে সওদাগর পরিবারের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল সওদাগর (২৩), বক্কর সওদাগর (২০) এবং সিকদার পরিবারের হবিবর রহমান সিকদার (৪৫), তার বাবা আব্দুল আজিজ সিকদার (৭৬), মামুন সিকদার (৩৫) ও হাফিজুর সিকদার (৩১) আহত হন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হবিবর রহমান সিকদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় নাইম সওদাগরকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, গোরস্থানের জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪