রিপোর্টার্স২৪ ডেস্ক: সংসদ থেকে পদত্যাগ না করে বরং সংসদে থেকেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কাজ করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনে সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের বিরুদ্ধে রাজপথেও অবস্থান নেওয়া হবে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস)-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান দলের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।
তিনি বলেন, বৈঠকে সংসদকে আরও কার্যকর ও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আইএফইএস প্রতিনিধি দল কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশনা দিয়েছে।
সাইফুল আলম মিলন অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে গণভোট অধ্যাদেশ বাতিলের চেষ্টা করছে সরকারি দল। একইসঙ্গে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের প্রেক্ষাপট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব সরকারপ্রধানের দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। সরকারপ্রধানের নীরবতা এবং অন্য কাউকে দিয়ে জবাব দেওয়াকে তিনি গণতন্ত্রের সৌন্দর্যের পরিপন্থী বলে মন্তব্য করেন।
জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সংসদের ভেতরে ও বাইরে—উভয় জায়গাতেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে তারা সক্রিয় থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম