স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, গত ১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে রাজশাহী মেডিকেলে। অথচ হাসপাতালের পরিচালক জানিয়েছেন, তার কাছে পর্যাপ্ত ভেন্টিলেটর নেই। মন্ত্রী বলেন, তার এ অবহেলার জন্য তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনসের আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিক্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, তিনি পরিচালককে ফোন করার পর পরিচালক দাবি করেন যে মিডিয়া বিষয়টি বাড়িয়ে দেখাচ্ছে। কিন্তু পরবর্তী প্রতিবেদনে দেখা গেছে, মিডিয়ার তথ্যই সঠিক। পরিচালক আর বিষয়টি অস্বীকার করতে পারেননি, মন্ত্রী বলেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, সরকার থেকে দ্রুত ভেন্টিলেটর কেনা কঠিন। তাই ব্যক্তিগত উদ্যোগে তিনি ওষুধ প্রস্তুতকারক কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের সহায়তায় আজ তিনটি ভেন্টিলেটর জরুরি ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে, যা সরকারি খরচে নয়, বেসরকারি উদ্যোগে। মন্ত্রী জানান, আজ আরও দুটি ভেন্টিলেটর ব্যবস্থার চেষ্টা করা হবে।
চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর ঈশ্বরের মতো ভরসা করে। তাই চিকিৎসকদের আচরণ, কথা এবং সেবায় আরও দায়িত্বশীল হতে হবে। অনেক সময় সংবাদপত্রে দেখা যায়, অস্ত্রোপচারের পর রোগীর পেটে সুতা রাখা থাকে, যা পরে রোগীকে কষ্ট দেয়। এটি তখন হয়, যখন চিকিৎসক অতিরিক্ত ক্লান্ত বা ব্যস্ত থাকেন। এ বিষয়ে চিকিৎসকদের সতর্ক থাকতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি