| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অধ্যাদেশ পর্যালোচনায় গণভোটসহ ১৫ ইস্যুতে জামায়াতের আপত্তি

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ০৭:০৮:৩৬:পূর্বাহ্ন  |  ১৪৬৫৮ বার পঠিত
অধ্যাদেশ পর্যালোচনায় গণভোটসহ ১৫ ইস্যুতে জামায়াতের আপত্তি

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির বৈঠকে গণভোটসহ অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব বিষয়ে দলটি ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

রোববার (২৯ মার্চ) সংসদের বিশেষ বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বৈঠকে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম খান বলেন, বৈঠকে প্রায় ২২টি বিষয়ে আলোচনা হয়, যার মধ্যে ১৪ থেকে ১৫টি বিষয়ে তারা একমত হতে পারেননি। এসব বিষয়ে তারা নোট অব ডিসেন্ট দিয়েছেন। তার অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতার জোরে কিছু বিষয় পাস করানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন এবং গুম-খুন প্রতিরোধ কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে আবারও দলীয় প্রভাবের আওতায় নেওয়ার উদ্যোগ চলছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারপতি নিয়োগে বাছাই কমিটি গঠনের সংস্কারও বাতিল করে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনতা খর্বের উদ্যোগেও আপত্তি জানিয়েছে দলটি।

গণভোট প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, গণভোটের সঙ্গে গোটা জাতি সম্পৃক্ত। এ বিষয়ে কোনো ধরনের বাতিলের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, গণভোট যদি সংবিধানবহির্ভূত হয়, তাহলে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন কীভাবে বৈধ হয়?

তিনি দাবি করেন, গণভোটে জনগণ ‘হ্যাঁ’ জয়যুক্ত করেছে, তাই এর রায় কার্যকর করতে হবে। যেসব বিষয়ে কমিটিতে ঐকমত্য হয়নি, সেগুলো চূড়ান্ত আলোচনার জন্য পুনরায় সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

রফিকুল ইসলাম খান আরও বলেন, কিছু বিষয়ে সংশোধনীসহ আংশিক ঐকমত্য হলেও জনগণের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে—এমন বিষয়ে দলটি কোনো ছাড় দেবে না। এসব ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনে ভোটাভুটি হবে বলেও তিনি উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪