রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চাপিয়ে দেওয়া জাতিকে মেধাশূন্য করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ।
গোলাম পরওয়ার বলেন, অনলাইননির্ভর শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের বহুমুখী ক্ষতির মুখে ফেলে। উচ্চমূল্যের ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহার শিশুরা শিক্ষায় বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকিতেও পড়ে। শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ব্যাহত হলে শিক্ষার্থীদের পড়ার অভ্যাসও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি উল্লেখ করেন, কোভিড-১৯ সময়ে দেশের শিক্ষার্থীদের ওপর অনলাইন শিক্ষার প্রভাব কী রকম ছিল তা ‘ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২২’এ উঠে এসেছে। প্রাথমিক শিক্ষার্থীদের বাংলা ও গণিতে যোগ্যতা অর্জনে ব্যর্থতা এবং দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পিছিয়ে থাকা তা স্পষ্টভাবে প্রমাণ করে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যদি সত্যিই জ্বালানি সংকট থাকে, তবে কেন রাষ্ট্রের অন্যান্য খাত সচল রেখে শুধুমাত্র কোমলমতি শিক্ষার্থীদের ওপর এর দায় চাপানো হচ্ছে? শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সশরীরে পাঠদান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অনলাইন ক্লাস পুনঃপ্রবর্তন শিক্ষার্থীদের জন্য কোনো সুফল বয়ে আনবে না।
তিনি অবিলম্বে সরকারের কাছে অনলাইন ক্লাসের এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার্থীদের নিয়মিত ও সশরীরে পাঠদান নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম