স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২০০১ সালের পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পেল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে ফিরছে জার্মান চ্যাম্পিয়নরা।
এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো খেলোয়াড় থাকায় পাল্টা আক্রমণে রিয়াল মাদ্রিদ হুমকি তৈরি করেছিল, যা প্রত্যাশিতই ছিল। ম্যাচের প্রথম এক ঘণ্টা দাপটের সঙ্গে খেলেছে বায়ার্ন। অনেক সময় রিয়ালের তুলনায় তারা স্পষ্টভাবে এগিয়ে ছিল। প্রথমার্ধের ৪১ মি: এ লুইস দিয়াজের দারুণ এক গোছানো আক্রমণ থেকে নিখুঁত ফিনিশে তারা এগিয়ে যায়। বিরতির পরপরই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন ৪৬ মি: এ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
পরে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বিশেষ করে জুড বেলিংহাম মাঠে নামার পর আক্রমণের গতি বাড়ে। একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। শেষদিকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস থেকে কিলিয়ান এমবাপ্পে একটি গোল শোধ করেন।
পুরো ম্যাচে দুই দল মিলে ৩৯টি শট নেয়, যার মধ্যে ১৪টি ছিল লক্ষ্যে। ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আক্রমণাত্মক ফুটবলের এক চমৎকার উদাহরণ।
প্রথম লেগে জয় পাওয়ায় সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকল বায়ার্ন মিউনিখ।
রিপোর্টার্স২৪/বাবি