স্পোর্টস ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে টিকিটমূল্য নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে FIFA। ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতির পর এবার গ্যালারির সামনের সারির আসনের নতুন মূল্য প্রকাশ করে আরও বিতর্ক উসকে দিয়েছে সংস্থাটি। এখন সামনের সারিতে বসে ম্যাচ দেখতে দর্শকদের খরচ করতে হবে ৪১০৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকারও বেশি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত স্বাগতিকদের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ক্যাটাগরি-১ এর ‘ফ্রন্ট’ আসনের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে এই ৪১০৫ ডলার। অথচ এক সপ্তাহ আগেও একই আসনের দাম ছিল ২৭৩৫ ডলার। নতুন করে ‘ফ্রন্ট ক্যাটাগরি’ যুক্ত হওয়ায় মূল্য আরও বেড়েছে।
১২ জুন অনুষ্ঠিতব্য ওই ম্যাচের আগের দিন মেক্সিকোর ঐতিহাসিক এস্টাডিও অ্যাজটেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
এদিকে, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই টিকিট বিক্রির ওয়েবসাইটে ‘ফ্রন্ট ক্যাটাগরি-২’ নামে নতুন একটি স্তর যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে এই ক্যাটাগরির টিকিটের মূল্য রাখা হয়েছে ১৯৪০ থেকে ২৩৩০ ডলার পর্যন্ত। বিষয়টি প্রথম প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক।
এর আগে প্রকাশিত তথ্যপত্রে ক্যাটাগরি-১ আসনকেই সর্বোচ্চ মূল্যমান হিসেবে উল্লেখ করেছিল ফিফা। তবে ধারণা করা হচ্ছে, কিছু আসন আলাদা করে নতুন উচ্চমূল্যের স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, কানাডার উদ্বোধনী ম্যাচে (বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে) ফ্রন্ট ক্যাটাগরি-১ আসনের মূল্য সর্বোচ্চ ৩৩৬০ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের জন্য ফিলাডেলফিয়ায় ৯০৫ ডলারের টিকিটও যুক্ত করা হয়েছে। এর আগে পুনরায় বিক্রি শুরুর সময় প্রযুক্তিগত জটিলতার মধ্যেই ফাইনালের টিকিটমূল্য বাড়িয়ে সর্বোচ্চ ১০,৯৯০ ডলার নির্ধারণ করে ফিফা, যা আগে ছিল ৮৬৮০ ডলার।
১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম এ অনুষ্ঠিতব্য ফাইনালের ক্যাটাগরি-২ টিকিটের মূল্য ৭৩৮০ ডলার এবং ক্যাটাগরি-৩ টিকিটের মূল্য দাঁড়িয়েছে ৫৭৮৫ ডলার।
যদিও সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিফার টিকিট সাইটে ফাইনালের কোনো টিকিট আর উপলব্ধ নেই। এ বিষয়ে ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনো আগেই জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচই হাউসফুল হওয়ার আশা করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই আসরে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/ঝুম