স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ঘোষিত দলে দুইটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইনজুরি ও ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়ার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার।
ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বেন লিস্টার। অন্যদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বদলি হিসেবে সুযোগ পাওয়ায় ওয়ানডে সিরিজে থাকছেন না বেন সিয়ার্স।
আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে একটি ট্যুর ম্যাচে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙুলে গুরুতর আঘাত পান ক্লার্ক। সেই কারণে তাকে ছিটকে যেতে হয় সিরিজ থেকে।
অন্যদিকে, দীর্ঘ দুই বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরছেন বেন লিস্টার। তিনি বর্তমানে শ্রীলঙ্কা সফরে থাকা অবস্থায় বাংলাদেশে যোগ দেবেন বলে জানা গেছে। দলের বাকি সদস্যরা আগামী সোমবার সকালে বাংলাদেশে পৌঁছাবেন।
নিউজিল্যান্ড দল চলতি মাসেই বাংলাদেশ সফরে সাদা বলের সিরিজ খেলবে। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে আগামী শুক্রবার (১৭ এপ্রিল) থেকে। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে, আর শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে।
এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুটি ম্যাচ এবং ২ মে ঢাকায় সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/ঝুম