স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ অফিসিয়ালদের দল ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আসন্ন এই আসরে মোট ১৭০ জন ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করবেন, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে থাকছেন ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। তারা বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিত্ব করছেন। দীর্ঘ তিন বছরের পারফরম্যান্স পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ফিফা।
এবারের বিশ্বকাপে রেফারিংয়ে বিশেষ নজর কাড়ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রথমবারের মতো এক আসরে এই দুই দেশ থেকেই তিনজন করে প্রধান রেফারি দায়িত্ব পালন করবেন। আর্জেন্টিনা থেকে থাকছেন ইয়ায়েল ফালকোন পেরেজ, দারিও এরেরা ও ফাকুন্দো টেলো। অন্যদিকে ব্রাজিল থেকে দায়িত্বে থাকছেন রাফায়েল ক্লস, উইল্টন সাম্পাইও ও র্যামন আবাত্তি।
ইউরোপের ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেও সাতজন অফিসিয়াল এই আসরে দায়িত্ব পাচ্ছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য মাইকেল অলিভার ও অ্যান্থনি টেইলর। ভিএআর হিসেবে থাকছেন জ্যারেড জিলেট।
উত্তর আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) থেকেও ১১ জন অফিসিয়াল নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও কানাডার রেফারিরাও এই তালিকায় জায়গা পেয়েছেন।
বিশ্বকাপে এবার নারী রেফারিংও বিশেষ গুরুত্ব পাচ্ছে। ৩৯ বছর বয়সী তোরি পেনসো, যিনি নারী বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেছিলেন, এবারও দায়িত্বে থাকছেন। তার সঙ্গে সহকারী হিসেবে থাকছেন ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট যা একমাত্র পূর্ণ নারী অন-ফিল্ড রেফারিং দল হিসেবে ইতিহাস গড়ছে।
অভিজ্ঞ রেফারিদের তালিকায় রয়েছেন ২০২২ বিশ্বকাপ ফাইনালের রেফারি শিমন মার্সিনিয়াক, ইউরো ফাইনালের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং চ্যাম্পিয়নস লিগ ফাইনালের রেফারি ইস্তভান কোভাকস।
ফিফা জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে ম্যাচ অফিসিয়ালরা অবস্থান করবেন মায়ামিতে, আর ভিএআর ইউনিট থাকবে ডালাসে। এছাড়া এবারের বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে রেফারিদের শরীরে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা বলেন, নির্বাচিত কর্মকর্তারা বিশ্বের সেরা পর্যায়ের পারফরমারদের মধ্য থেকেই বাছাই করা হয়েছে। তার মতে, এটি শুধু সংখ্যায় নয়, মানের দিক থেকেও ইতিহাসের সেরা রেফারিং দল।
সব মিলিয়ে ৪৮ দলের এই বিশ্বকাপ শুধু আয়োজনে নয়, রেফারিং ও প্রযুক্তিতেও নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম