স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগেই দল গোছাতে বড় পদক্ষেপ নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। স্কোয়াডের ২২ জন ফুটবলারের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তিনি।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বকাপের মাত্র দুই মাস আগে এমন সিদ্ধান্তকে দলের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো-র চোট নিয়ে শঙ্কা থাকলেও আপাতত স্বস্তির খবর এসেছে। টটেনহাম হটস্পার-এর হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া এই ডিফেন্ডারের সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গেছে। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে লিওনার্দো বালের্দি-কে। এছাড়া দলে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন মার্কোস সেনেসি ও ফাকুন্দা মেদিনা।
ইতোমধ্যে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জুয়ান ফয়েথ। ফলে ডিফেন্সে জায়গা পাওয়ার প্রতিযোগিতা আরও জমে উঠেছে। গোলপোস্টে ভরসার প্রতীক এমিলিয়ানো মার্তিনেজ-এর সঙ্গে আছেন জেরোনিমো রুল্লি।
ডিফেন্সে নিশ্চিত নামগুলোর মধ্যে রয়েছেন নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল এবং নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডে থাকছেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পলসহ আরও কয়েকজন। ফরোয়ার্ড লাইনে আছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তার সঙ্গে আক্রমণভাগে থাকবেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ এবং গুলিয়ানো সিমিওনে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে স্কোয়াড প্রায় চূড়ান্ত করে দলকে প্রস্তুত রাখার কৌশল নিয়েছেন স্কালোনি। এখন নজর থাকবে চোট কাটিয়ে খেলোয়াড়দের পূর্ণ ফিটনেসে ফেরানো এবং সেরা কম্বিনেশন গড়ে তোলার দিকে।
রিপোর্টার্স২৪/ঝুম