স্পোর্টস ডেস্ক: অপ্রত্যাশিত নাটকীয়তায় ভরা এক ম্যাচে নতুন কোচের অধীনে দারুণ সূচনা করল ইন্টার মায়ামি। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস হঠাৎ করেই ডাগআউটে দাঁড়ান, যখন আকস্মিকভাবে পদত্যাগ করেন জাভিয়ের মাসচেরানো। আর সেই অভিষেক ম্যাচেই ৩-২ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় মায়ামি—যার নায়ক নিঃসন্দেহে লিওনেল মেসি।
শনিবার কলোরাডো র্যাপিডস-এর বিপক্ষে এই জয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল ইন্টার মায়ামি। মৌসুমের শুরুতে লস অ্যাঞ্জেলস এফসি-র কাছে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখন মেজর লিগ সকার স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি।
ম্যাচের ১৩তম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। তবে আসল নাটক জমে ওঠে ম্যাচের শেষ দিকে। ৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করেন তিনি। ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে পেনাল্টি বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া শটটি ব্যাকপোস্ট ঘেঁষে জালে জড়ায়—যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মায়ামির।
এই মৌসুমে এখন পর্যন্ত ৭ গোল করে স্যাম সুরিজ ও পিটার মুসা-র সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে আছেন মেসি।
ম্যাচের ৮৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইয়ানিক ব্রাইট, ফলে শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় মায়ামিকে। অন্যদিকে টানা দুই জয়ের পর এই ম্যাচে হার দেখল র্যাপিডস।
ম্যাচে প্রথমে পেনাল্টি আদায় করেন ব্রাইট, যেখানে ফাউল করেন জোশ অ্যাতেনসিও। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে মাতেও সিলভেত্তি-র বাড়ানো বলে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন বার্তেরামে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে র্যাপিডস। ৫৮তম মিনিটে গোল শোধ করেন রাফায়েল নাভারো। এরপর বদলি নেমে ৬২তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সমতা ফেরান ড্যারেন ইয়াপি। তবে শেষ হাসি হাসে মায়ামিই মেসির জাদুকরী পায়ে ভর করেই।
রিপোর্টার্স২৪/ঝুম