| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী, ৫০ হাজার বাংলাদেশির ভাগ্য নির্ধারণের সম্ভাবনা

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯২৮৭০ বার পঠিত
ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী, ৫০ হাজার বাংলাদেশির ভাগ্য নির্ধারণের সম্ভাবনা
ছবির ক্যাপশন: ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী, ৫০ হাজার বাংলাদেশির ভাগ্য নির্ধারণের সম্ভাবনা

কূটনীতিক রিপোর্টার : ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সোমবার (৫ মে) দুই দিনের সফরে ঢাকা আসছেন। ঢাকা সফরে ইতালিতে নিয়মিত ও বৈধ অভিবাসন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। তার এ সফরের সঙ্গে জড়িত রয়েছে ইতালিতে যেতে আগ্রহী প্রায় ৫০ হাজার বাংলাদেশি কর্মীর দীর্ঘদিনের ভিসা অপেক্ষার অবসান ঘটার আশা।


ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের প্রথমদিন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। সে সময় উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে অবৈধ অভিবাসন রোধ, আন্তঃদেশীয় অপরাধ দমন, দু'দেশের পুলিশের পারস্পরিক সহযোগিতা, ইত্যাদি বিষয়ে ঘোষণা/সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষর হতে পারে। সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরে বাংলাদেশি কর্মীদের ভিসা জটিলতা সমাধানে ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা রয়েছে।


ইতালির মন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করবেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে ইতালিতে পাড়ি দিচ্ছেন অনেক বাংলাদেশি নাগরিকরা। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশি মারাও যাচ্ছেন। সে কারণে বাংলাদেশ থেকে বৈধপথে ইতালি যাওয়ার জন্য দেশটির পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে নিয়মিত ও বৈধ অভিবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।


এছাড়া ইতালিতে যাওয়ার জন্য বাংলাদেশের অনেক কর্মী ভিসা পেতে অপেক্ষায় রয়েছেন। তবে দীর্ঘদিন অপেক্ষা করার পরেও ভিসা পাচ্ছেন না। ইতালির পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক বাংলাদেশি ইতালি যাওয়ার জন্য যে ভিসা আবেদন করেছেন, সেখানে তারা ভুয়া নথিপত্র জমা দিয়েছেন। সে কারণে অধিকতর যাচাই-বাছাই করার জন্য ভিসা দিতে দেরি হচ্ছে।  তবে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে ভিসা ইস্যু নিয়ে আলোচনা উঠবে বলে আশা করা হচ্ছে।


ভিএফএস গ্লোবাল জানিয়েছে, বৈধ ‘নুল্লা ওস্তা’ থাকলে ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হচ্ছে। ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো মধ্যস্থতাকারীকে অর্থ না দিতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


অন্যদিকে, বাংলাদেশিদের মধ্যে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা বাড়ায় উদ্বিগ্ন ইতালি সরকার। নতুন অভিবাসন নীতির আওতায় আলবেনিয়া হয়ে বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকারের কঠোর অভিবাসন নীতির ফলে বৈধ পথে যাওয়ার গুরুত্ব আরও বেড়েছে।


এ প্রেক্ষাপটে বিশ্লেষকদের মতে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরটি বাংলাদেশি শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ। সফরে ইতালির পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বৈধ অভিবাসনকে উৎসাহিত করার বিষয়ে কোনো ইতিবাচক ঘোষণা এলে তা হবে হাজারো অপেক্ষমাণ কর্মীর জন্য স্বস্তির বার্তা।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪