ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সর্বশেষ শাহর ছেলে ও নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি পশ্চিমা দেশগুলোর প্রতি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সক্রিয় সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার জার্মানির বার্লিন শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানে পরিবর্তন অনিবার্য, তবে প্রশ্ন হচ্ছে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো নিষ্ক্রিয় থাকলে সেই পরিবর্তনের জন্য কতজন ইরানিকে প্রাণ দিতে হবে।
রেজা পাহলভি অভিযোগ করেন, ইউরোপ কার্যত নীরব থেকে তেহরান সরকারের দমন-পীড়নকে চলতে দিচ্ছে। গত বছরের সরকারবিরোধী আন্দোলন দমনে হাজারো মানুষের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার দাবি জানান।
তিনি ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে। ওই বিপ্লবের মধ্য দিয়েই আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে বর্তমান ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের সময় বার্লিনে তার সমর্থক ও বিরোধীদের পৃথক বিক্ষোভ দেখা যায়। এক পর্যায়ে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে লাল রঙের তরল নিক্ষেপ করলে পুলিশ তাকে আটক করে।
রেজা পাহলভি সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সম্ভাব্য বিরোধী নেতৃত্ব হিসেবে আলোচনায় এলেও দেশটির বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন থাকায় এবং তার জনপ্রিয়তা নিয়ে অনিশ্চয়তার কারণে পশ্চিমা দেশগুলো এখনো তাকে আনুষ্ঠানিক সমর্থন দিতে সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নাকচ করেছে। তবে ইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে।
জার্মানি সফরে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো বৈঠকের আমন্ত্রণ না পাওয়ায়ও হতাশা প্রকাশ করেন রেজা পাহলভি।
রিপোর্টার্স২৪/এসসি