ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনজুড়ে রাতভর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দনিপ্রোসহ একাধিক এলাকায় এই হামলা চালানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রায় পুরো রাতজুড়েই রাশিয়া দনিপ্রো ও অন্যান্য শহর ও জনপদে বোমাবর্ষণ চালিয়েছে।” তিনি বলেন, হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল নগর অবকাঠামো।
দনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ শহরেই অন্তত ২১ জন আহত হয়েছেন।
উত্তরাঞ্চলের চেরনিহিভ অঞ্চল-এ পৃথক হামলায় আরও দুইজন নিহত এবং সাতজন আহত হন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মোট ৬১৯টি ড্রোন ও ৪৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৫৮০টি ড্রোন এবং ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
জেলেনস্কি বলেন, প্রতিটি হামলাই আমাদের মিত্রদের মনে করিয়ে দেয় যে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি, বিশেষ করে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন।
সাম্প্রতিক সময়ে রাশিয়া প্রায় প্রতিরাতে ছোট আকারের ড্রোন হামলা চালিয়ে আসছে। এর মধ্যে মাঝেমধ্যে বড় ধরনের হামলাও চালানো হচ্ছে, যেখানে শত শত ড্রোন ও বহু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি