রিপোর্টার্স ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর প্রামাণিক (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) দুপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে ধান মাড়াইয়ের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম। জাফর প্রামাণিক ওই এলাকার মৃত হায়দার প্রামাণিকের ছেলে।
তিনি খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করতে যান জাফর।
এ সময় ধান মাড়াইয়ের যন্ত্রের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি বলেন আমরা পথি মধ্যে আছি, সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারবো।
রিপোর্টার্স২৪/মিতু