রিপোর্টার্স ডেস্ক: মৃত্যুর সাড়ে সাত মাস পর পদ্মা সেতুর টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি হয়েছেন মাদারীপুরের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা জহিরুল হক সামচু ঢালী।
মামলার এজাহারে ২১৯ নম্বর আসামি হিসেবে তার নাম রয়েছে। অথচ চলতি বছরের ২৯ মার্চই মারা গেছেন তিনি। এ ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, 'মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
জহিরুল হক সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন তিনি।
মামলার নথি ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ মারা যান সামচু ঢালী। মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সংঘটিত অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে।
গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয়। বিস্ফোরণ ঘটানো হয় একাধিক ককটেলের। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে যানবাহন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।
একজন ব্যক্তি ঘটনার সাড়ে সাত মাস আগেই মারা যাওয়ার পরও কীভাবে তাকে ওই ঘটনার মামলায় আসামি করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মৃত ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় আসার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।
সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, 'আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।'
তিনি আরও বলেন, 'আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক।'
এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, 'আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। আমি স্বাক্ষর না করে চাকরি হারাব?'
রিপোর্টার্স২৪/ধ্রুব