| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৃষিসম্পদ ও তরুণ জনগোষ্ঠীর বিপুল সম্ভাবনার পরও কেন পিছিয়ে পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ২১:৪৮:৫৪:অপরাহ্ন  |  ৭১৫ বার পঠিত
কৃষিসম্পদ ও তরুণ জনগোষ্ঠীর বিপুল সম্ভাবনার পরও কেন পিছিয়ে পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের নীতিনির্ধারকেরা গত ২৫ বছর ধরে দেশের কৃষিসম্পদ, শিল্পের অভিজ্ঞতা, তরুণ জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থানের সুবিধার কথা বলে আসছেন। কিন্তু এত সম্ভাবনা থাকার পরও দেশটির সাধারণ মানুষের কাছে উন্নয়ন ও সমৃদ্ধি সেভাবে পৌঁছায়নি। গত এক প্রজন্মে প্রতিবেশীদের সঙ্গে পাকিস্তানের উন্নয়নের ব্যবধান আরও বেড়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক গবেষণায় দেখা গেছে, ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে পাকিস্তানে মাথাপিছু প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির গড় ছিল মাত্র ১ দশমিক ৯ শতাংশ। অথচ এই সময়ে বাংলাদেশে ৪ দশমিক ৫, ভারতে ৪ দশমিক ৯ এবং ভিয়েতনামে প্রবৃদ্ধির হার ছিল ৫ শতাংশ।

গত ১৯ অক্টোবর পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস) এক প্রতিবেদনে জানায়, ২০২৫-২৬ অর্থবছরে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৬৫ শতাংশ এবং মাথাপিছু আয় দাঁড়াতে পারে ১ হাজার ৮৯৬ মার্কিন ডলারে। অন্যদিকে আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ভারতে ৭ শতাংশ এবং ভিয়েতনামে ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

তবে বিশ্বব্যাংক তাদের অক্টোবরের প্রতিবেদনে পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্য ও জ্বালানি খাতে সংস্কারের প্রশংসা করেছে, যা ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি হতে পারে। কিন্তু এই স্থিতিশীলতার সুফল পেতে হলে দীর্ঘমেয়াদে সঠিক বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতে হবে।

২০২৬ সালের জুনে প্রকাশিত অর্থনৈতিক জরিপ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানে জিডিপির মাত্র ১৪ দশমিক ৩৮ শতাংশ বিনিয়োগ হয়েছে। অপর্যাপ্ত বিনিয়োগের কারণে ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হচ্ছে না।

বিনিয়োগকারীদের আস্থাহীনতা, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্বল অবকাঠামো এবং দক্ষ জনবলের অভাব পাকিস্তানের অর্থনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদ ব্যবসার খরচ বাড়িয়ে তুলছে। শিক্ষাব্যবস্থার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার মিল না থাকায় মানবসম্পদেরও সঠিক ব্যবহার হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা। ২০২৫ সালে পাকিস্তানের জনসংখ্যা ২৫ কোটি ২০ লাখে পৌঁছেছে (বার্ষিক বৃদ্ধির হার ২ দশমিক ০৭ শতাংশ)।

অর্থনৈতিক এই চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তান সরকারকে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। রপ্তানি খাতে সম্ভাবনাময় শিল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া, পণ্য ছাড়করণের সময় কমানো এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সঠিক নীতি ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পাকিস্তানও বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের মতো দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে পারে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪