ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলে উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুৎ পূর্বাঞ্চলের শিল্প ও শহরাঞ্চলে সরবরাহ করতে বিশাল বিদ্যুৎ সঞ্চালন করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটি। প্রায় ৬৮ হাজার ৮০০ কোটি রুপি (৭৩৪ কোটি মার্কিন ডলার) ব্যয়ের এই মেগা প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে প্রায় ছয় বছর।
ভারতের জাতীয় সঞ্চালন প্যানেল গত মঙ্গলবার এক সভার কার্যবিবরণী প্রকাশের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক অনুমোদনের কথা জানায়। নতুন এই নেটওয়ার্কের সক্ষমতা হবে ১ হাজার ১৫০ কিলোভোল্ট (কেভি), যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা হতে যাচ্ছে। বর্তমানে দেশটিতে সর্বোচ্চ ৭৬৫ কেভি ক্ষমতার সঞ্চালন লাইন ব্যবহৃত হয়।
মূলত ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে সৌর ও অন্যান্য নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়ছে। অন্যদিকে ওডিশাসহ পূর্বাঞ্চলের শিল্পপ্রধান রাজ্যগুলোতে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন ও চাহিদার মধ্যকার এই দূরত্ব কমাতেই নতুন বিদ্যুৎ করিডোর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের প্রথম পর্যায়ে ছত্তিশগড়, ওডিশা ও পশ্চিমবঙ্গকে এই নেটওয়ার্কের আওতায় আনা হবে। পাশাপাশি রাজস্থানের ভাদলা সৌর অঞ্চল থেকে উৎপাদিত পরিচ্ছন্ন বিদ্যুৎ পরিবহনের জন্য ৬ হাজার মেগাওয়াট সক্ষমতার উচ্চ ভোল্টেজ সঞ্চালন ব্যবস্থার সঙ্গে এটি যুক্ত করা হবে।
নতুন প্রযুক্তির এই নেটওয়ার্কের অন্যতম সুবিধা হলো, প্রচলিত ৭৬৫ কেভি সঞ্চালন লাইনের তুলনায় কমসংখ্যক লাইন ও অপেক্ষাকৃত কম জমি ব্যবহার করে বিপুল পরিমাণ বিদ্যুৎ পরিবহন করা সম্ভব হবে। একই সঙ্গে সঞ্চালনকালে বিদ্যুতের অপচয়ও উল্লেখযোগ্যভাবে কমবে।
এদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বড় ধরনের বিনিয়োগ করছে ভারত। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। বর্তমানে ভারতে নবায়নযোগ্য ও অন্যান্য পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩০০ গিগাওয়াট ছাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের এক অঞ্চলের উদ্বৃত্ত পরিচ্ছন্ন বিদ্যুৎ অন্য অঞ্চলের শিল্প ও নগর অর্থনীতিতে কাজে লাগানোর সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশটির জ্বালানি নিরাপত্তা ও নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের সক্ষমতাও শক্তিশালী হতে পারে।
রিপোর্টার্স২৪/রাফিদ