কুড়িগ্রাম প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বিএনপি সরকার। চলতি বছরে ১ হাজার ৫০০ কিলোমিটার এবং আগামী পাঁচ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী। একই সঙ্গে আগামী পাঁচ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণের পরিকল্পনার কথাও জানান তিনি।
শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের দাশেরহাটের ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, পানি সেচ ও সংরক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। খালের পাশে গাছ লাগানো ও মাছ চাষের পরিকল্পনার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর ফলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ২০ হাজার কিলোমিটার খাল খননের অঙ্গীকার রয়েছে। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। এর মাধ্যমে সারাদেশে একযোগে এ কার্যক্রম চালু হয়েছে।
খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর আয়োজিত সংক্ষিপ্ত সুধী সমাবেশে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
এর আগে ত্রাণমন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।