| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের নির্দেশ চট্টগ্রাম ডিসি’র

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ০১:৩১:০৮:পূর্বাহ্ন  |  ২৪২১৭ বার পঠিত
অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের নির্দেশ চট্টগ্রাম ডিসি’র

চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামে সড়ক, মহাসড়ক ও রেললাইনের পাশে গরুর হাট না বসানোর কঠোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে ফেরিঘাটে যাত্রী নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান এবং ঈদকেন্দ্রিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (১০ মে) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, ঈদকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রাস্তা, মহাসড়ক কিংবা রেললাইনের পাশে কোনো অবস্থাতেই পশুর হাট বসানো যাবে না। কর্ণফুলী এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গাসহ গুরুত্বপূর্ণ স্থানেও হাট বসতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কুমিরা-গুপ্তছড়া ও সন্দ্বীপ রুটসহ সব ফেরিঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাস বা ট্রাক ফেরিতে তোলার আগে সব যাত্রী নামিয়ে দেওয়া বাধ্যতামূলক করতে হবে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে ফেরিঘাটে নির্দেশনামূলক ব্যানার টানানোর কথাও বলেন তিনি।

সভায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও মাদককারবার কঠোর হাতে দমন করতে হবে।

তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও কথা জানানো হয়।

সভায় নতুন ব্রিজ এলাকা ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা, রাস্তার ওপর বাজার ও দোকান বসানো বন্ধ এবং সিএনজিচালিত অটোরিকশার অবৈধ পার্কিং নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়।

এ সময় জেলা পুলিশ, সিএমপি, নৌবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪