লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে একটি বসতবাড়ির উঠানে বড় আকারের বিষধর রাসেল ভাইপার সাপ দেখতে পান বাড়ির লোকজন। পরে সেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।
রোববার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর লরেন্স ফরাজীপাড়া এলাকার মজিবুল হক মাস্টার বাড়ির উঠানে সাপটি দেখা যায়। ওই এলাকা মেঘনা নদীর তীরবর্তী।
স্থানীয়রা জানান, অন্ধকারে বাড়ির উঠানে কুণ্ডলী পাকিয়ে থাকা বিশাল আকৃতির সাপটি এক গৃহবধূ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে সাপটিকে রাসেল ভাইপার হিসেবে শনাক্ত করেন এবং পিটিয়ে মেরে ফেলেন।
এ বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা বলেন, রাসেল ভাইপার অত্যন্ত বিষধর সাপ। এর কামড়ে রক্তক্ষরণ, কিডনি জটিলতাসহ প্রাণঘাতী সমস্যা দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, সাপে কামড়ালে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে। আক্রান্ত অঙ্গ নাড়াচাড়া কম করতে হবে এবং ঝাড়ফুঁক, ক্ষতস্থান কাটা বা শক্ত করে গিঁট দেওয়া যাবে না। বর্তমানে সরকারি হাসপাতালে এন্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা রয়েছে।
ডা. সোহেল রানা রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।
রিপোর্টার্স২৪/বাবি