রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তী পরিষদ দ্রুত গঠন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে।
শনিবার (১৬ মে) সকালে রাঙ্গামাটি শহরের মোনোঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ব্র্যাক কুমন লার্নিং সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান জেলা পরিষদগুলো অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং নির্বাচন না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে। সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে পরিষদ গঠনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জেলা পরিষদ অবশ্যই হবে। পুরো বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে। এটি একটি বড় প্রক্রিয়া, তাই ভুল হতে দেওয়া যাবে না। এমনভাবে গঠন করা হবে যাতে মানুষের আস্থা তৈরি হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে সমাদৃত জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এমএইচএসডিএফসি ব্যাংক লিমিটেডের সহায়তায় ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে চালু হওয়া এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে ৪০ জন শিক্ষার্থী গণিত বিষয়ে কুমন পদ্ধতিতে প্রশিক্ষণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনোঘরের সভাপতি শ্রদ্ধালংকার মহাথের, ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমএইচএসডিএফসি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, মোনোঘরের মহাসচিব কীর্তি শিখান চাকমা এবং জাইকা বাংলাদেশের স্পেশাল অ্যাডভাইজার কিয়োকো আমাদা।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের ভয় কাটিয়ে আত্মনির্ভরশীল ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
রিপোর্টার্স২৪/মিতু