নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে সাপের কামড়ে নূর মোহাম্মদ নূরা (৫৯) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নূর মোহাম্মদ একই উপজেলার নাগশোষা গ্রামের মৃত আজিমুদ্দিন মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরে ফজলুর রহমানের জমিতে কাজ করতে যান নূর মোহাম্মদ। কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন