নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শ্রমিক সংকটে পড়া কৃষকের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা।
শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকার কৃষক আলম হোসেনের দেড় বিঘা জমির পাকা ধান কেটে দেন। পরে নেতাকর্মীদের সহায়তায় সেই ধান সরাসরি কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, মহাদেবপুর ও বদলগাছী—এই দুই উপজেলায় মূলত কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি চলছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যারা বর্তমান মৌসুমে তীব্র শ্রমিক সংকটে ভুগছেন।
কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সংসদ সদস্য নিজেই কৃষকের জমিতে কাস্তে হাতে ধান কাটতে নামলে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় করেন। এ সময় অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।
একজন সংসদ সদস্যের এমন সরাসরি মাঠে নেমে ধান কাটার উদ্যোগকে স্থানীয় সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
অল্প সময়ের মধ্যেই এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
রিপোর্টার্স/এসএন