| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়ায় দুর্ঘটনা চালকের অদক্ষতা ও যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১০:৪৯:২০:পূর্বাহ্ন  |  ৫৯৪০০২ বার পঠিত
দৌলতদিয়ায় দুর্ঘটনা চালকের অদক্ষতা ও যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত ভয়াবহ বাস দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে চালকের অদক্ষতা, বেপরোয়া মনোভাব এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। সেখানে চালকের অদক্ষতা, অসতর্কতা ও যানবাহনের যান্ত্রিক ত্রুটির বিষয়টি উঠে এসেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।”

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে চালকদের দক্ষতা বৃদ্ধি, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান এবং মহাসড়কে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানোর ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, গত ঈদুল ফিতরে ২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও এবার ঈদুল আজহায় ৬৯টি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করবে।

তিনি বলেন, বাস টার্মিনাল থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। তবে মহাসড়কের মাঝপথ থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে উঠলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

মন্ত্রী আরও জানান, চালক ও সহকারীদের প্রশিক্ষণের জন্য সরকার বড় প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় প্রায় ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া প্রতিটি গাড়ির চালক ও সহকারীদের ডোপ টেস্টও করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় সড়ক দুর্ঘটনা ও মৃত্যুহার কমাতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ২৪ জনের পরিবারসহ জেলার মোট ৬২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান এবং রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ অন্যান্য অতিথিরা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪