| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গো খামারিদের বাড়ি বাড়ি রক্তমাখা চিঠি দিয়ে হত্যা-ডাকাতির হুমকি

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১৩:০৬:২৬:অপরাহ্ন  |  ৫৯৩৬৪৬ বার পঠিত
গো খামারিদের বাড়ি বাড়ি রক্তমাখা চিঠি দিয়ে হত্যা-ডাকাতির হুমকি

রিপোর্টার্স ডেস্ক:  সিরাজগঞ্জের শাহজাদপুরে গো খামারিদের বাড়ি বাড়ি রক্তমাখা চিঠি দিয়ে হত্যা ও ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে খামারিদের ঘরের দরজা খোলা রাখতে বলা হয়েছে।

গত ৫ দিনে উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের প্রায় ১৫টি বাড়িতে এমন চিঠি দেওয়ার ঘটনা ঘটেছে। 

টেকুয়াপাড়া গ্রামের গো খামারি হাজী রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন, আজাদুল ইসলাম, সানোয়ার হোসেন বলেন, গত চার/পাঁচদিনে অন্তত ১৫ জনের বাড়িতে দুর্বৃত্তরা নিজেদের রঘু ডাকাত পরিচয় দিয়ে রক্তমাখা চিঠি পাঠিয়েছে।

চিঠিতে লিখেছে ‘কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসবো, তাই দরজা খোলা রাখবেন, না খুলে রাখলে জিন্দা খালাস...? ইতি রঘু  ডাকাত।’

এদিকে একই গ্রামের আবু সাঈদ নামে এক কৃষকের বাড়ির গরু লুট করতে ব্যর্থ হয়ে তার মেয়ে বিথি খাতুনকে রক্তমাখা চিঠিতে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

ওই চিঠিতে লেখা আছে, ‘আপনার মেয়ের জন্য আজকে বেঁচে গেলেন, ভাইবেন না আবার বাঁচবেন। এই বছরে প্রথমবারের মতো মিস হলো ওই ম্যাডামের জন্য, দেখে লেবো, মেয়ে মানুষের এত সাহস ভালো না।

কালকে রাতে বাঁচতে চাইলে দরজা খোলা রাখবেন। না রাখলে জিন্দা লাশ বানিয়ে দেব। ইতি রঘু ডাকাত। কোড নম্বর ০৬। এভাবে প্রতিটি চিঠিতে কোড নম্বর দেওয়া আছে।

অপরদিকে চেতনানাশক স্প্রের মাধ্যমে বাড়ির সবাইকে অচেতন করে খামারি আবু হোসেনের বাড়ি থেকে একটি ষাঁড় ও আমজাদ হোসেনের বাড়ির শোকেজের লকার ভেঙে নগদ টাকা ও গহনা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। 

এ বিষয়ে শুক্রবার (১৫ মে) রাতে মো. আমজাদ হোসেন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।  

আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার (১২ মে) মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী সারা খাতুন অচেতন হয়ে মেঝেতে পড়ে আছেন। ঘরে ঢুকতেই তার নাকেও স্প্রের গন্ধ আসে এবং তিনিও অচেতন হয়ে পড়েন। গভীর রাতে জেগে দেখেন শোকেজের লকার ভেঙে এক লাখ টাকা, ১২ ভরি স্বর্ণ ও পাঁচ ভরি রূপার গহনাসহ প্রায় ৩০ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। 

অপর ভুক্তভোগী আবু হোসেন বলেন, ১৫দিন আগে জানালা দিয়ে  চেতনানাশক স্প্রে করে বাড়ি থেকে দুই লাখ টাকা দামের একটি ষাঁড় চুরি করে নিয়ে গেছে। 

এসব ঘটনার পর ডাকাতি ও চুরি আতঙ্কে রাত কাটাচ্ছে টেকুয়াপাড়া গ্রামবাসী। চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ায় শিশুদের একা একা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। সন্ধ্যা নামলেই গ্রামের রাস্তাঘাট ও বাজার জনশুন্য হয়ে পড়ে। গ্রামের যুবকরা রাত জেগে পাহারা দিচ্ছে। তারপরও চুরি-ডাকাতি ঠেকাতে পারছে না। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

এসব ঘটনায় উদ্বিগ্ন গ্রামবাসী বলেন, বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ গ্রামের ক্লাবঘরে এক জরুরী বৈঠক চলা অবস্থায় দুর্বৃত্তরা আবু সাঈদের বাড়ি থেকে দুটি গরু লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আবু সাঈদের মেয়ে প্রাইভেট শিক্ষক বিথি খাতুন টের পেয়ে চিৎকার শুরু করে। এসময় বৈঠকের লোকজন দৌড়ে ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা গরু ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনার পর ওই রাতেই বিথি খাতুনকে উদ্দেশ্য করে ঘরের মধ্যে একটি রক্তমাখা চিঠি ফেলে রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে চিঠিটি হাতে পেয়ে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

টেকুয়াপাড়া মিলন সংঘের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তরা গত চারদিনে আলতাব হোসেন, ঈমান আলী, বাবর আলী মেম্বর, আব্দুল হামিদ, আব্দুল খালেক ফকির, বাবলু ফকির, শাহীন ফকির, ইসমাইল ফকির, জলিল মণ্ডল, শাহ আলমসহ অন্তত ১৫ জনের বাড়িতে এ ধরনের চিঠি পাঠিয়েছে। এ চিঠি পাওয়ার পর থেকে আমাদের ক্লাবের সদস্যরা রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে। তার পরেও চুরি ও চিঠি পাঠানো ঠেকানো যাচ্ছে না।

তিনি বলেন, আমাদের গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে এক বা একাধিক কোরবানির ষাঁড়/গরু লালন পালন করা হচ্ছে। এই সময় এ চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় সবাই আতঙ্কের মধ্যে রয়েছে। চোর-ডাকাতের ভয়ে সন্ধ্যার পরে বাজার ও রাস্তাঘাট জনশুন্য হয়ে পড়ে। ফলে গ্রামজুড়ে এক ভয়ংকর আতঙ্ক রিরাজ করছে। 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, চিঠি দেওয়ার বিষয়টি জানার পরই আমরা তদন্ত শুরু করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একটি চুরির বিষয়ে আমজাদ হোসেন বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। 

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ঘটনাটি জানার পর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে শাহজাদপুর থানার ওসিকে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪