নওগাঁ প্রতিনিধি: সত্যনিষ্ঠ সাংবাদিকতার ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ‘সংবাদ’ ৭৫ বছর পেরিয়ে ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে “সংবাদ পরিবার, বদলগাছী”-এর আয়োজনে উপজেলা প্রতিনিধি মো. সানজাদ রয়েল সাগরের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি বলেন, “দৈনিক সংবাদ শুধু একটি পত্রিকার নাম নয়, এটি দেশের সাংবাদিকতার ইতিহাসে বিশ্বাস ও দায়িত্বশীলতার এক শক্ত ভিত্তি। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়েও সত্যভিত্তিক সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা কখনো কমে না। সংবাদ সেই আস্থার জায়গাটি ধরে রেখেছে বলেই আজও পাঠকের হৃদয়ে বিশেষ অবস্থান তৈরি করেছে।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় স্বাধীন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সমস্যা, দুর্নীতি ও সাধারণ মানুষের দুর্ভোগ যেমন তুলে ধরতে হবে, তেমনি উন্নয়ন ও সম্ভাবনার ইতিবাচক সংবাদও জনগণের সামনে পৌঁছে দিতে হবে। তরুণ সাংবাদিকদের মানবিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম দবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, বদলগাছী থানার তদন্ত ওসি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাংবাদিক এমদাদুল হক দুলু ও আশরাফুল ইসলাম নয়ন।
বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় দৈনিক ‘সংবাদ’ সবসময় গণমানুষের কথা বলেছে। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানের কারণেই পত্রিকাটি পাঠকের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বর্তমান সময়ে গুজব ও অপতথ্যের ভিড়ে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে বলেও তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক ‘সংবাদ’-এর বদলগাছী উপজেলা প্রতিনিধি মো. সানজাদ রয়েল সাগর। তিনি পত্রিকাটির ঐতিহ্য, সাংবাদিকতায় অবদান এবং দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে ‘সংবাদ’-এর ওপর নির্মিত একটি ভিডিও ফুটেজও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা, সম্পাদক নূও ইসলাম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক লিটন হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জার গিফারী। শেষে অতিথিদের নিয়ে কেক কেটে জাতীয় দৈনিক ‘সংবাদ’-এর ৭৬তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু