| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৮৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ১২:৩৯:৪০:অপরাহ্ন  |  ১৫৫১১৯৫ বার পঠিত
১৮৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
ছবির ক্যাপশন: ১৮৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

রিপোর্টার্স২৪ডেস্ক : গলের রানপ্রসবা উইকেটে বাংলাদেশের প্রথম ইনিংসের রান টপকে লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়েও ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা দ্বিতীয় সেশনের শুরুতে। ফলে ১০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনেই ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশ লিড নিয়েছে ১৮৭ রান। বাংলাদেশের বোর্ডে রান জমা হয়েছে ৩ উইকেটে ১৭৭। অর্ধশতকের দেখা পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৬ এবং মুশফিকুর রহিম অপরাজিত আছেন ২২ রানে। পঞ্চম দিনের শুরুতে দায়িত্বটাও তাই প্রথম ইনিংসে শতক হাঁকানো এই দুই ব্যাটারের ওপর।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়। মাত্র ৪ রান করে দলীয় ২৪ রানে ফেরেন সাজঘরে। আউট হয়েছে প্রবাথ জয়াসুরিয়ার বলে। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টা চালান। কিন্তু ১৪ রান করেই কাটা পড়েন থারিন্দু রথনায়েকের বলে সুইপ করার প্রচেষ্টায়। এক্ষেত্রে বোলারের ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় টপ এজ থেকে বল মুমিনুলের হেলমেট থেকে চলে যায় শর্টে দাঁড়ানো ফিল্ডারের হাতে। ফলে ৬০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রাখেন ওপেনার সাদমান ইসলাম। দেখেশুনে খেলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক। দায়িত্বশীলতা প্রদর্শন করে অধিনায়ক শান্তর সঙ্গে গড়েন ৬৮ রানের জুটি। কিন্তু সেই জুটি ভাঙে সাদমানেরই বিদায়ে। ৭৬ রান করে কাটা পড়েছেন মিলান রথনায়েকের বলে। তার অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করা বলটি ভেতরে ঢুকে স্পর্শ করে উইকেটে থিতু হওয়া সাদমানের ব্যাট। বোলার আবেদন করলে সঙ্গে সঙ্গে তাতে সাড়া দেন আম্পায়ার। ফলে ১২৬ বলে ৭ চারে সাজানো ইনিংসটির অবসান ঘটে। পতন হয় ১২৮ রানে দলের তৃতীয় উইকেটের।

সাদমান ফিরলে ক্রিজে আসেন প্রথম ইনিংসে ১৫৯ রানের ইনিংস খেলা অভিজ্ঞ মুশফিকুর রহিম। মাঠে নেমে ৪৬তম ওভারের দ্বিতীয় বলে রানআউটের শঙ্কায় পড়েন তিনি। ভাগ্য ভালো হওয়ার দিনেশ চান্দিমালের থ্রো সরাসরি হিট করেনি স্টাম্পে। পরে বাকি ১১ ওভারে আর আউট হননি তিনি। দেখেশুনে খেলে দিনের শেষ পর্যন্ত খেলে অপরাজিত আছেন ২২ রানে। তার ও শান্তর অবিচ্ছিন্ন জুটির রান ৪৯।

এর আগে, দিনের শুরুতেই ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের উইকেট হারায় স্বাগতিকরা। ধনাঞ্জয়ার উইকেট পান নাঈম হাসান, হাসান পান কুশলের উইকেট। কুশলের উইকেটে দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস। মধ্যাহ্ন বিরতির আগে এই ২ উইকেটই প্রাপ্তি ছিল টাইগারদের। ২ উইকেট হারালেও ৯৭ রান যোগ এই এই সেশনে। ৪৬৫ রানে সেশন শেষ হয় ৬ উইকেট হারিয়ে। লঙ্কানদের পথ দেখাতে থাকেন কামিন্দু মেন্ডিস ও মিলান রথনায়েক।

তবে লাঞ্চের পর এক অন্য বাংলাদেশের দেখা মেলে। ১০ বলে মধ্যেই তুলে নেয় ৩ উইকেট। ৪৬৫ রানে ৬ উইকেট থেকে ৪৭১ রানে ৯ উইকেট হারায় স্বাগতিকরা। তাতেই ধুলিস্যাৎ হয়ে যায় লিডের স্বপ্ন। ১২৭তম ওভারে হাসান মাহমুদ মিলান রথনায়েককে তুলে নেওয়ার পরের ওভারের প্রথম বলে কামিন্দু এবং শেষ বলে থারিন্দু রথনায়েকে (০) ফেরান নাঈম।

১৩১ তম ওভারর দ্বিতীয় বলে আসিথা ফার্নান্দোকে বোল্ড করেন নাঈম হাসান। সেখানেই সমাধি হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংসের। বিদেশের মাটিতে প্রথমবারের মতো ফাইফার শিকার করেন নাঈম। ৪৮৫ রানে স্বাগতিকরা অলআউট হলে বাংলাদেশ লিড পায় ১০ রানের।

রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪