দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে ফ্লিপচার্ট ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নিরাপদ খাদ্য ও ফ্লিপচার্ট ব্যবহার বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল আলম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার এস.এম আল আমিন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আশরাফী এবং দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
কর্মশালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেনী জেলা কার্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ৬০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
মুহাম্মদ শামসুল আরেফিন বলেন, “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি। উৎপাদন থেকে শুরু করে ভোক্তার প্লেটে পরিবেশিত খাদ্য নিরাপদ রাখতে আমরা কাজ করছি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে।”
রিপোর্টার্স২৪/এসএন