দৌলতপুর প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং দৌলতপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রাজধানীর তেজগাঁও ভূমি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফিতা কেটে স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করতে কাজ করছে। ফলে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ সম্ভব হচ্ছে এবং সাধারণ মানুষের হয়রানি অনেকাংশে কমেছে।
তিনি আরও বলেন, ভূমি মানুষের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই ভূমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা জরুরি। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতি কমবে এবং সেবার স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস সাধারণ মানুষকে দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারি নিয়ম ও নির্ধারিত ফি অনুযায়ী সরাসরি ভূমি অফিস থেকে সেবা গ্রহণ করতে হবে। এছাড়া ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি ও খতিয়ান সংশোধনসহ সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সভাপতি বক্তব্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রান্তিক পর্যায়ের মানুষ আধুনিক ভূমি ব্যবস্থাপনার সুফল সম্পর্কে জানতে পারবে। তিনি বলেন, স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ম, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। ৩দিনের ভূমিসেবা মেলা শেষ হবে বৃহস্পতিবার।
রিপোর্টার্স/এসএন