মাদারগঞ্জে বাড়ির উঠানের জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
আপডেট টাইম:
মে ১৯, ২০২৬ ইং | ২০:০৯:১৫:অপরাহ্ন | ১৬১৪ বার পঠিত
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা উপজেলার জোড়খালি ইউনিয়নে বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে ইয়ামিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলার বেতেগা বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। সম্প্রতি বাড়ির কাজের প্রয়োজনে উঠানের পাশে একটি গর্ত খুঁড়ে মাটি উত্তোলন করা হয়েছিল। বৃষ্টির কারণে ওই গর্তে পানি জমে ছিল।
সকলের অগোচরে শিশু ইয়ামিন ওই গর্তের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই গর্তে ইয়ামিনকে ভাসমান অবস্থায় দেখতে পান তার মা।
পরে তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।