বাগেরহাট প্রতিনিধি: পূর্ব সুন্দরবনে আবারও বনদস্যুদের তাণ্ডবের ঘটনা ঘটেছে। “জাহাঙ্গীর বাহিনী” নামে পরিচিত একটি দস্যু দলের সদস্যরা একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জর ফুসফুসেরচর এলাকার নদী থেকে এ অপহরণের ঘটনা ঘটে। পরে অপহৃতদের সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার সময় দস্যুদের একটি দল ট্রলারে হামলা চালায়। এ সময় তারা ট্রলারসহ জেলেদের অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত জেলেরা হলেন— ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, পাথরঘাটার রহিতা ও তালতলী এলাকার ১২ জেলেকে অপহরণের খবর তারা পেয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগর শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, অপহরণের খবর পেয়ে বনরক্ষীরা অভিযান শুরু করেছেন, তবে এখনো কাউকে উদ্ধার করা যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ঘটনার খবর পাওয়া গেছে, তবে এখনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন