রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে আর কোনো ধরনের কালক্ষেপণ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঊষাতন তালুকদার। তিনি বলেন, চুক্তি বাস্তবায়ন নিয়ে টালবাহানা চললে তার ফলাফল সময়ই বলে দেবে।
বুধবার (২০ মে) সকালে রাঙ্গামাটি শহর-এর কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঊষাতন তালুকদার বলেন, “চুক্তি বাস্তবায়নে কোনো শিথিলতা দেওয়া হবে না। যেকোনো মূল্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, পার্বত্য সমস্যাকে হালকাভাবে দেখার সুযোগ নেই এবং সরকারকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য জনগণ সংখ্যায় কম হলেও তারা তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ রয়েছে। চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সমাবেশে তিনি দুর্নীতি বিরোধী অবস্থান ও সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও মন্তব্য করেন।
“সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হোন”—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে গিরিসুর শিল্পীগোষ্ঠী গণসংগীত পরিবেশন করে। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতারা।
রিপোর্টার্স২৪/এসএন