রাজবাড়ী প্রতিনিধি: গোয়ালন্দ উপজেলায় মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি বোরোধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২০ মে) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
চলতি বছরে আগস্ট পর্যন্ত সরকারিভাবে মোট ১৬৯ জন কৃষকের কাছ থেকে ৩৩৮ টন বোরোধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি মণ ১৪৪০ টাকা। উদ্বোধনী দিনে উজানচর এলাকার কৃষক মো. কুদ্দুস মোল্লার কাছ থেকে ২ টন বোরোধান ক্রয় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির এবং গোয়ালন্দ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যাম সুন্দর শাহা।
এ বিষয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, প্রকৃত কৃষকরা ন্যায্য দামে কোনো ধরনের হয়রানি ছাড়াই ধান বিক্রি করতে পারছেন। এতে প্রান্তিক কৃষকদের মধ্যে স্বস্তি ও বিক্রির আগ্রহ বেড়েছে।
রিপোর্টার্স২৪/এসএন