চট্টগ্রামের সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার প্রত্যয় জেলা প্রশাসকের
আপডেট টাইম:
মে ২০, ২০২৬ ইং | ২১:৪১:২০:অপরাহ্ন | ৬৯৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে বুধবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গত ২০২৪ সালের ১৮ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগের চিত্র একটি ডকুমেন্টারির মাধ্যমে সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।
মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের মানুষের প্রত্যাশা পূরণে প্রশাসন কতটুকু সফল হচ্ছে এবং আরও কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ নিতেই এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, “এ দেশ আমাদের সবার। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আগামীতে জেলার সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”
তিনি আরও বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নাগরিক সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।