| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় সেতুর টোল আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ২২:০৮:৪৫:অপরাহ্ন  |  ৯৩৪ বার পঠিত
কুষ্টিয়ায় সেতুর টোল আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সৈয়দ মাছ-উদ-রুমী সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে টোল প্লাজা এলাকায় বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

জানা যায়, গত সোমবার রাত থেকে সেতুতে টোল আদায় শুরু করেন ইজারাদারের লোকজন। রাতের আঁধারে টোল চালুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। টোল আদায়কে অবৈধ দাবি করে বুধবার বিকেল ৪টায় টোল প্লাজা ঘেরাও কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি।

এ তথ্য নিশ্চিত করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আলী।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে আন্দোলনকারীরা টোল প্লাজায় জড়ো হয়ে মানববন্ধন করেন এবং মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেন। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

এদিকে টোল আদায়কারীরা জানান, আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমানে দুই ও তিন চাকার যানবাহন টোলের আওতার বাইরে রাখা হয়েছে। তাদের দাবি, জনগণের দাবির প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, টোল বন্ধের দাবিতে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকাবাসী কয়েক দফা আন্দোলন-সংগ্রাম করেছেন এবং প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছেন। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে দুই ও তিন চাকার যানবাহন বাদ দিয়ে টোল আদায় চালু করা হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে গড়াই নদীর ওপর সৈয়দ মাছ-উদ-রুমী সেতু নির্মাণ করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট টোল আদায় বন্ধের দাবিতে টোল প্লাজায় আগুন দেওয়া হয়। পরে ১৩ আগস্ট টোল আদায়ের উদ্যোগ নিলে বৈষম্যবিরোধী ছাত্রজনতার বাধার মুখে তা বন্ধ হয়ে যায়।

এরপর দীর্ঘদিন টোল আদায় বন্ধ থাকায় সরকার প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা রাজস্ব হারিয়েছে। গত ২১ মাসে প্রায় ১৮ কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সওজ।

পরে নতুন করে দরপত্র আহ্বান করে সওজ। ২৩ কোটি ৭৫ লাখ টাকায় টোল আদায়ের দায়িত্ব পায় কুষ্টিয়ার প্রতিষ্ঠান থ্রি স্টার এগ্রো ইন্ডাস্ট্রিজ। গত সোমবার রাত থেকে তারা পুনরায় টোল আদায় শুরু করে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আশরাফ হোসেন বলেন, “সরকারি নির্দেশনা ও জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে দুই ও তিন চাকার যানবাহন থেকে টোল নেওয়া হচ্ছে না। বর্তমানে টোল আদায়ে কোনো বাধা নেই।”

কুমারখালী সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক হিরোন শেখ ও সদস্য লিটন শেখ বলেন, “আমরা থ্রি-হুইলারের টোল বন্ধের দাবিতে আন্দোলন করেছিলাম। প্রশাসন আমাদের দাবি মেনেছে। ভবিষ্যতে আবার টোল চালু করা হলে আমরা আন্দোলনে নামবো।”

অন্যদিকে ট্রাকচালক মো. মাহফুজুর রহমান অভিযোগ করেন, আগে ১৫০ টাকা টোল নেওয়া হলেও এখন ১৮০ টাকা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, “৫ আগস্টের পর থেকে টোল বন্ধ ছিল। এতে সরকার প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠকের পর টোল আদায় পুনরায় শুরু হয়েছে।”

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী টোল আদায় চালু হয়েছে। জনগণের কোনো দাবি থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪