তারাকান্দা প্রতিনিধি: প্রতিটি শিশুই সম্ভাবনাময়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের অবহেলা বা বোঝার পাত্র নয় বরং সঠিক পরিচর্যা পেলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। একটু ভালোবাসা, পরম যত্ন আর আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিই পারে ওদের জীবনকে আলোয় ভরিয়ে দিতে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এমনই প্রায় ১ শ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর আশ্রয় ও শিক্ষার আঙিনা হয়ে উঠেছে "নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়"। উপজেলার দূর-দূরান্ত থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে শিশুরা এখানে আসে স্বপ্ন বুনতে। শিশুদের যাতায়াতের এই কষ্টের কথা বিবেচনা করে, তারাকান্দা উপজেলা প্রশাসন তাদের পাশে এসে দাঁড়িয়েছে।
প্রতিশ্রুতি রক্ষায় ২০ মে বুধবার প্রাতিষ্ঠানিটিতে আনন্দের সহিত একটি স্কুলভ্যান হস্তান্তর করা হয়। শিশুদের মুখে হাসি ফোটাঁতে এবং তাদের জীবনমানকে একটু সহজতর করতে তারাকান্দা উপজেলা প্রশাসনের এই ধরনের মানবিক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
এই মহতী উদ্যোগ ও মানবিক কাজের পেছনে যারা নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন, সেই সকল মানবিক শিক্ষক, পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ সময় সহকারী কমিশনার ভূমি এস এম নাজমুস ছালেহীন ও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।