| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ০৬:৪৬:২০:পূর্বাহ্ন  |  ৫৫৪৭৮২ বার পঠিত
বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা দক্ষিণপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রীতা রানী মজুমদার ওই গ্রামের বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লেখাপড়ার কারণে তারা ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০টার দিকে স্ত্রীর সঙ্গে রাতের খাবার খেয়ে তিনি আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে। এ সময় স্ত্রীর ঘর থেকে গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে যান তিনি।

ঘরে ঢুকে রীতা রানীকে গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় বাড়ির সদর দরজা খোলা অবস্থায় ছিল বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, “রীতা রানী হত্যা মামলার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি। হত্যার কারণও নিশ্চিত হওয়া যায়নি। তথ্য উদ্‌ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪