কুষ্টিয়া প্রতিনিধি: রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কুমারখালী শাখা।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে কুমারখালী বাসস্ট্যান্ড চত্তরে সংগঠনের নেতাকর্মী সাধারণ জনগণ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন।
কবি ও নাট্যকার লিটন আব্বাস বলেন, বাংলাদেশে বারবার ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধ ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। বিচারহীনতার এই দীর্ঘ সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া ও সহিংস করে তুলছে। এটি শুধু একটি পরিবারের শোক নয়, বরং পুরো জাতির বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। আমরা কুমারখালীবাসী এই ঘটনার দ্রুত বিচার দাবি করছি।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ ও শিশু হত্যার মতো ভয়াবহ অপরাধ বারবার ঘটলেও মানুষের মধ্যে ন্যায়বিচার পাওয়ার আস্থা কমে যাচ্ছে। রামিসার মতো নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে, সমাজ ও রাষ্ট্র এখন বড়ো ধরনের মানবিক ও নিরাপত্তা সংকটের মুখে দাঁড়িয়ে আছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে এসব অপরাধ বন্ধ করা কঠিন হয়ে পড়বে।
রিপোর্টার্স২৪/বাবি