মাদারীপুর প্রতিনিধি: পরিবারের আর্থিক সংকট দূর করতে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের যুবক সুরুজ কাজী। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তার জীবনে ডেকে আনে মর্মান্তিক পরিণতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন তিনি। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে স্থানীয় এক দালালের মাধ্যমে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন সুরুজ কাজী। প্রথমে তাকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে ভালো চাকরির আশ্বাস দেওয়া হলেও পরে তাকে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ পরিবারের।
সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ড্রোন হামলায় নিহত হন সুরুজ কাজী। প্রথমদিকে বিষয়টি গোপন রাখা হলেও পরে রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশি যুবক মুঠোফোনে তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেন।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে সুরুজের বাড়িতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড় জমে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা।
নিহত সুরুজের বোন শারমিন অভিযোগ করে বলেন, চাকরির কথা বলে দালালরা টাকার বিনিময়ে তার ভাইকে রাশিয়ান সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেয়। তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, নিহত সুরুজ কাজীর মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক আইনি সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণভাবে বিদেশে যাওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
স্বজন ও এলাকাবাসী সুরুজ কাজীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং অসচ্ছল পরিবারটির জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসএন