বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নবগঠিত এ কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে সভাপতি এবং আমিনুল হক দেওয়ান সজলকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং রেজাউল করিম বাদশা এমপি।
পরিচালনা কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য বগুড়া-৪ আসনের সদস্য মোঃ মোশাররফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়র মোঃ এম আর ইসলাম স্বাধীন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহ মোঃ শাহজাহান আলী, কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ এবং কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ইউনুস আলী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নবগঠিত এ পরিচালনা কমিটির মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন