স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের মহাসড়কগুলোতে। সরকারি ছুটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত যমুনা সেতু এলাকায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই সময়ে সেতু পার হয়েছে ৩৪ হাজারের বেশি যানবাহন। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ টাকারও বেশি।
শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে সর্বমোট ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেতুর পূর্ব টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এ দিক থেকে আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা টোল।
অন্যদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন চলাচল করেছে। এ অংশে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে শুরু করে।
তিনি বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বর্তমানে চালু থাকা ১৪টি টোল বুথের পাশাপাশি শনিবার থেকে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হবে। এতে মোট ১৮টি বুথ দিয়ে দ্রুত টোল আদায় সম্ভব হবে।”
এদিকে ঈদযাত্রাকে কেন্দ্র করে মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মো. সাইফুল ইসলাম সান্তু বলেন, “ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ সদস্য মাঠে কাজ করছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের ঈদযাত্রাও স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ হবে।
এদিকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট বা দীর্ঘস্থায়ী ধীরগতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ ঝুম