তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন কাচারি পুকুর দীর্ঘদিন অপরিত্যক্ত থাকায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে পুকুরটি সংস্কারের কাজ শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পুকুর সংস্কারের ফলে একদিকে যেমন জলাধারটি প্রাণ ফিরে পাবে, অন্যদিকে বাজার, বাসাবাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এখান থেকে সহজেই পানি সরবরাহ করা সম্ভব হবে। পাশাপাশি পুকুরে মাছ চাষেরও পরিকল্পনা রয়েছে।
শনিবার (২৩ মে) কাচারি পুকুরের সংস্কারকাজ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে পাঁচ বছরে পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন। একটি গাছ কাটলে অন্তত ১০টি গাছ লাগানো প্রয়োজন। সারাদেশে খাল খননের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে কাচারি পুকুর সংস্কার শেষে এর পাড়ে বিভিন্ন জাতের গাছ লাগানো হবে।
ইউএনও আরও বলেন, আল্লাহর রহমতে গাছগুলো বেড়ে উঠলে এখানে ফুল, ফল ও ছায়াময় পরিবেশ তৈরি হবে। মানুষ এখানে এসে ভিন্ন ধরনের প্রশান্তি অনুভব করবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন, উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার, ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম, উপ-সহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য রুহুল আমিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রিপোর্টার্স২৪/বাবি