সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে শাবল দিয়ে আঘাত করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফাহমিদা আক্তার মোহনা। তিনি উত্তর জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক কলহের জেরে জাহিদুল ইসলাম তার স্ত্রীকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফাহমিদা আক্তার মোহনার মৃত্যু হয়। নিহতের একটি ছেলে সন্তান রয়েছে।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
রিপোর্টার্স২৪/বাবি