| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ০৯:২৬:২৩:পূর্বাহ্ন  |  ৫৫৩৮৮৭ বার পঠিত
নরসিংদীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রিপোর্টার্স ডেস্ক: নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ মে) সকালে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (ক্রাইম সিন ইউনিট) সদস্যরা। এর আগে শনিবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা স্টেশন এলাকার ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাঁটুভাঙ্গা স্টেশন-সংলগ্ন এলাকায় টাইলস ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যবসা শেষে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তাঁর স্ত্রী দোকানে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, দোকানের শাটার নামানো থাকলেও তালা লাগানো ছিল না। পরে ভেতরে ঢুকে মেঝেতে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রায়পুরা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির স্বজনেরা জানান, রফিকুল ইসলামের সঙ্গে কারও প্রকাশ্য বিরোধ ছিল কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে তাঁদের সন্দেহ।

স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে একজন ব্যবসায়ীর মরদেহ পাওয়া গেছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪