নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) বিকেল ৪টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রফিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা সুমন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
রিপোর্টার্স২৪/মিতু