নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে “সচেতন জনতা সৈয়দপুর”-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা উচিত। উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যের স্বার্থে এ উদ্যোগ জরুরি।
তারা বলেন, সৈয়দপুর একটি ঐতিহ্যবাহী শহর। সার্বিক দিক বিবেচনায় বিমানবন্দরটি আন্তর্জাতিক করা হলে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনীতি আরও গতিশীল হবে। বগুড়ার পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দরকেও আন্তর্জাতিক করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, প্রভাষক শিউলি বেগম, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা লিপটন, যুব নেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন, আকরাম সিদ্দিকী, জমির মালিক আল আমিন ও আব্দুল্লাহ আল মামুন, যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন এবং সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি, ফিরোজ আলম, পারভেজ আলমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী। সঞ্চালনা করেন যুব নেতা সুলতান।