ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা এবং পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে র্যাব-১৪, ময়মনসিংহ।
র্যাব-১৪’র পক্ষ থেকে দাপুনিয়া হাটে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ভিড় ও অর্থ লেনদেন বাড়ে। এ সুযোগে অপরাধী চক্র সক্রিয় হতে পারে—এ কারণে দাপুনিয়া বাজারসহ গুরুত্বপূর্ণ হাটগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে বলা হয়, হাট ও আশপাশের এলাকায় পোশাকে ও সাদা পোশাকে র্যাবের টহল জোরদার করা হয়েছে এবং বিশেষ নজরদারি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
পশুবাহী ট্রাক থেকে চাঁদাবাজি বা নির্ধারিত হাসিলের বাইরে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানানো হয়। একইসঙ্গে হাটের নির্ধারিত সীমানার বাইরে পশু কেনাবেচা না করার অনুরোধ জানানো হয়েছে।
প্রতারণা রোধে জাল টাকা শনাক্তকরণ মেশিনসহ বিশেষ টিম মোতায়েন থাকবে। বড় অংকের লেনদেনে সতর্কতা অবলম্বন এবং অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
র্যাব-১৪ আরও জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাসকান্দা, শম্ভুগঞ্জ, ভৈরবসহ গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথে নজরদারি বাড়ানো হয়েছে।