চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শরিফুল ইসলাম আইয়ুব (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পাশের জিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, সন্ধ্যায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালানো হয়। পরে বুধপুরা বাজার এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নেয়। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/বাবি