চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু ও সফিক গাজীসহ ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় ওয়ারলেস মোড়ে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— ওয়ারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু (৩৮), সফিক গাজী (৪৩), সজিব গাজী (২৮), মানিক খান (৩০) ও সামির (২৫)। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলাম মিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চাঁদপুর সদর থানার এসআই (উপপরিদর্শক) জাহেদ হাসপাতালে গিয়ে ঘটনা সম্পর্কে অবগত হন।
ইজারাদার সফিক গাজী জানান, চাঁদপুর পৌরসভার সব নিয়ম মেনে ওয়ারলেস বাজারের ইজারা নেওয়া হয়। বাজারের পাশের বোরহান গাজী, ফেরদৌস গাজী, এমরান গাজী ও রেদওয়ান গাজীসহ কয়েকজন সড়কের জায়গায় অবৈধভাবে দোকান বসানোর কথা বলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। পরে ব্যবসায়ীরা বিষয়টি তাদের জানালে তিনি ও মিশু সেখানে গিয়ে তাদের কাছে জানতে চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে দা, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানে আলম ফয়সাল জানান, আহতদের মধ্যে মিশু নামের ব্যক্তির ডান হাতের বৃদ্ধাঙ্গুল গুরুতর জখম হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ওয়ারলেস বাজারে যায়। পরে আহতরা হাসপাতালে চলে আসায় পুলিশ সেখানে গিয়ে খোঁজখবর নেয়। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন